বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের অবস্থিত হোটেল ডি মেরিডিয়ান থেকে গ্রেফতার করা হয় তাকে।
তথ্যটি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে, তাকে ধরতে অভিযানে নামে র্যাব। যার প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে হোটেলটি ঘিরে রাখে তারা।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণে নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। মূলত পুষ্পস্তবক দেওয়ার সময় মেয়রের নাম ৫ নম্বরে ডাকায় শিক্ষা কর্মকর্তা ওপর চড়াও হন তিনি।
পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান এবং থানায় মামলা করেন।